চাঁপাইনবাবগঞ্জ চেম্বার

আপডেট : ১৪ জুন ২০১৩, ১৯:৪৪
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক মো. আব্দুল ওয়াহেদ বাজেট সম্পর্কে বলেন, ঘোষিত বাজেট কর্মসংস্থানমুখী ও সঠিক বাস্তবায়ন হতে হবে। বর্তমানে ব্যবসায়ীদের সহযোগিতা, রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক নির্ভরতা কমেছে। তবে জেলাভিত্তিক বাজেট হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। উদাহরণস্বরূপ তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ দেশের একটি সম্ভাবনাময় জেলা। এখানে রয়েছে বিসিক শিল্পনগরী ও শিল্প এলাকা। বিসিক শিল্পনগরীতে একটি হিমাগারসহ ছোট-বড় কল-কারখানা এবং শিল্প এলাকা নামে খ্যাত আতাহারে গড়ে উঠেছে অটোমেটিক রাইস মিলসহ অনেক ছোট-বড় কল-কারখানা। এ ছাড়া রয়েছে সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলওয়ে শুল্কস্টেশন। কৃষিভিত্তিক শিল্প-কল-কারখানা গড়ার জন্য বিসিক শিল্পনগরীকে সম্প্রসারতি করা দরকার। এসব ক্ষেত্রে উন্নয়নের জন্য জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানান তিনি। তিনি উল্লেখ করেন, অর্থমন্ত্রী রাজশাহীতে ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেলওয়ে স্থলবন্দর হিসাবে গড়ে তোলা হবে। কিন্তু আজ পর্যন্ত হয়নি। দেশের বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ দিয়ে এখনও বেশ কয়েকটি পণ্য আমদানি বন্ধ রয়েছে। এসব পণ্য আমদানীতে বিধি-নিষেধ তুলে নিলে এই বন্দরে রাজস্ব আয় বাড়বে। এই বন্দর দুটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা দিলে প্রতিমাসে এ বন্দর দুটি দিয়ে শত শত কোটি টাকা রাজস্ব আদায় হবে। বেনাপোল স্থলবন্দরের মত সুযোগ-সুবিধা এই বন্দরে দেয়ার জন্য তিনি দাবি জানান। তিনি চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক মহাসড়কটি সম্প্রসারিত করার জন্য বাজেটে অর্থ বরাদ্দেরও দাবি জানান। উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে পৃথক একটি রেল লাইন ও চার লেন বিশিষ্ট সড়ক নির্মাণের জন্য দাবি জানান আব্দুল ওয়াহেদ। রাজশাহীতে গ্যাস চালুর জন্য তিনি সাধুবাদ জানান তত্সঙ্গে বিসিক শিল্পনগরীসহ এই জেলায় শিল্প-কারখানার জন্য চাঁপাইনবাবগঞ্জে গ্যাস লাইন চালুর দাবি জানান।