ছেলে অণিকের সমাবর্তনে ববিতা

আপডেট : ১৪ জুন ২০১৩, ২০:৫৮
আজ অন্টারির ওয়াটার ল্যু ইউনিভার্সিটিতে ববিতার ছেলে অনিকের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হবে। বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীর অভিভাবকদের কাতারে ববিতাও এই সমাবর্তনে উপস্থিত থাকার জন্য এরইমধ্যে কানাডায় এসে পৌঁছেছেন তিনি। উল্লেখ্য, ববিতার সন্তান অণিক এরইমধ্যে ওয়াটার লু ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স সম্পন্ন করেছেন। নিজের সন্তানের এই সমাবর্তনে এসে ববিতা বলেন, ‘আমাকে পৃথিবীর সেরা মা মনে হয়। আমি আসলেই অণিকের মতো একটি ছেলের মা হয়ে অনেক আনন্দিত। গেল মা দিবসেও আমি দৈনিক ইত্তেফাক-এর সাক্ষাত্কারে অণিক সম্পর্কে অনেক কথা বলেছি। সেই রিপোর্টটি অণিক অনলাইনে দেখেছে। তাারপরও আমি প্রিন্টেড কপিগুলো সংগ্রহে রেখেছিলাম তাকে দেখানোর জন্য, কেননা আমি একজন চিত্রনায়িকা হিসেবে এসব অনেক দেখেছি, কিন্তু যখন নিজের ছেলেকে নিয়ে এত বড় কিছু দেখি তখন আসলেই এর অনুভূতিটা অন্যরকম।’ উল্লেখ্য, ববিতা আরও জানান এবারের রোজার ঈদটা অণিকের সঙ্গে কানাডাতেই করবেন তিনি। শুধু তাই নয়, আসছে ৩০ জুলাই নিজের জন্মদিনটাও করছেন সন্তানের সঙ্গেই। পাশাপাশি তিনি ডিসিআই আয়োজিত বিভিন্ন সেমিনারে ডিসিআইয়ের শুভেচ্ছাদূত হিসেবে কানডাতেই অংশগ্রহণ করবেন।