বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি তরুণেরা নানা মাধ্যমে সফলতা অর্জন করেছেন। কিছুদিন আগে আমরা বিনোদন প্রতিদিনে প্রকাশ করেছিলাম টম ক্রুজের অন্যতম ঘনিষ্ঠজন হিসেবে এক বাংলাদেশি যুবকের কথা। আজ তেমনই এক সফল বাংলাদেশি তরুণ লুত্ফর রহমান। যিনি অন্যতম বাঙালি হিসেবে আন্তর্জাতিক ভেন্যুতে বিশ্বসেরা তারকাদের একত্রিত করে আসছেন নিয়মিত। তাকে নিয়ে লিখেছেন লন্ডন বেতার বাংলার ব্রডকাস্টার ইকবাল ফেরদৌস
অনেকের মতো বাংলাদেশের মিরপুরের ছেলে লুত্ফরও বিদেশে পাড়ি জমিয়েছিলেন ভাগ্য উন্নয়নের চেষ্টাতেই। লন্ডনে গিয়ে অন্য কাজে মনোনিবেশ না করে সংস্কৃতিক অঙ্গনেই যাতায়াত শুরু করেন তিনি। আর নিজের প্রচেষ্টাতেই এখন লুত্ফর লন্ডনের আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম আয়োজক। শুরুতে আয়োজন করতে থাকেন ছোট ছোট অনেকগুলো বাংলা গানের কনসার্ট। অল্পদিনেই নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন একজন সফল তরুণ সংগঠক হিসেবে। একসময় পরিচয় হয় নগরবাউল জেমসের সাথে। জেমসকে নিয়ে লন্ডনের ট্রক্সি হলে আয়োজন করেন বিশাল কনসার্ট। অগণিত দর্শক শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসায় সফলভাবে সম্পন্ন করার পর পরই স্বপ্ন দেখা শুরু করেন বলিউড সেলিব্রেটিদেরকে নিয়ে কাজ করার। প্রথম ধাপ হিসেবে বলিউডের আরেক সফল প্রমোটার নাজ চৌধুরীর সাথে কাজ শুরু করেন বলিউড শো স্টপারে। বলিউডের হার্টথ্রব নায়িকা বিপাশা বসু, রকস্টার আতিফ আসলাম, শান এবং বিউটি কুইন মালাইকা আরোরার মতো ইন্টারন্যাশনাল সেলিব্রেটিদের নিয়ে সম্প্রতি সম্পন্ন করলেন বলিউড শো স্টপার। সম্প্রতি লুত্ফরের আয়োজনে বলিউড এবং পাকিস্তানি সেলিব্রেটিদের নিয়ে হাঙ্গামা ২০১৩ শিরোনামে আরও একটি বড় আয়োজন। যেখানে পারফর্ম করবেন বলিউডের এ সময়ের সবচেয়ে আলোচিত নারী সেলিব্রেটি সানি লিওন। ও লামহে, আদাত, সাজিনি এবং তানহায়িয়ার মতো জনপ্রিয় গানের পাকিস্তানি ব্যান্ডদল জাল। সেই সাথে থাকছেন বৃটিশ মূলধারার এশিয়ান বংশদ্ভুত শিল্পী সামা ব্ল্যাক। আগামী ১৬ই জুন লন্ডনের অন্যতম বৃহত্তম ভেন্যু ওটু ইন্ডিগোতে পারফর্ম করবেন আন্তর্জাতিক সেলিব্রেটিরা। উল্লেখ্য, এই ভুেন্যতে আন্তর্জাতিক স্বীকৃত আয়োজক ও সংগঠন ছাড়া কাউকে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয় না। এই ধারাবাহিকতায় লুত্ফর এখন পরিকল্পনা নিয়েছেন বলিউড ও ঢালিউডের তারকাদের নিয়ে নতুন একটি চলচ্চিত্র নির্মাণের। যা বিশ্বের একাধিক দেশে প্রদর্শিত হবে। লুত্ফর রহমান বলেন, ‘আমি চাই সত্যিকার অর্থেই বাংলাদেশি তারকারা একদিন আন্তর্জাতিক অঙ্গনের পাশপাশি থাকুক। ওয়ার্ল্ড টপচার্টে একদিন বাংলা গান থাকুন, ওয়ার্ল্ড বক্স অফিসে একদিন বাংলাদেশি চলচ্চিত্রের নাম আসুক। এ কারণেই আমার এই ধারাবাহিক চেষ্টা।
