একুশে টেলিভিশনে গতকাল থেকে সরাসরি সম্প্রচার শুরু হয়েছে ‘কর্পোরেট ফ্রি হিট ইনডোর ক্রিকেট’। বাংলাদেশের শীর্ষ স্থানীয় ৩২টি কর্পোরেট হাউজ নিয়ে প্রথমবারের মতো এই আয়োজনটি চলবে আগামী ২১ জুন পর্যন্ত। গতকাল সকাল ১০টা ১৫ মিনিটে মিরপুর ইনডোর স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন ‘কর্পোরেট ফ্রি হিট ইনডোর ক্রিকেট’ টুর্নামেন্টের। টুর্নামেন্টের সবকটি খেলা সরাসরি সম্প্রচার ছাড়াও দর্শকরা উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন একুশে টেলিভিশনের পর্দায়। আয়োজক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ক্রিকেট বর্তমানে নিঃসন্দেহে বাংলাদেশের জনপ্রিয় খেলা। আর এই ক্রিকেট নিয়ে কর্পোরেট হাউজসহ সকলেরই আগ্রহ অন্তঃহীন। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের মাধ্যমে কর্মব্যস্ত মানুষগুলোর বিনোদন দেওয়া।
