রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস জানান, আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপের সাথে সাথে সমাপ্তি ঘটবে স্প্যানিশ ফুটবলের আলোকিত এক যুগের। কেননা বিশ্বকাপটির পর অন্য অনেকের সাথে তিনি নিজেও অবসর নিতে পারেন। বর্তমানে ৩২ বছর বয়সী ক্যাসিয়াস স্পেনের অধিনায়ক ছিলেন ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ সালের বিশ্বকাপে। স্পেন তিনটি শিরোপাই জয় করে। তিনি জানান, আগামী বছর বিশ্বকাপে আন্তর্জাতিক অঙ্গন থেকে মধুর সমাপ্তি ঘটাতে পারেন। রিয়াল মাদ্রিদের সাথে ক্যাসিয়াসের চুক্তি রয়েছে ২০১৭ সাল পর্যন্ত। ফুটবলের সফল এই অধিনায়ক বলেন, ‘ব্রাজিলের পর আমাদের অনেকে সম্ভবত অবসর নেবেন তরুণদের সুযোগ করে দিতে। আমার মাথা যতদিন সহ্য করবে আমি ততদিন খেলবো। এছাড়া শারীরিক প্রশ্নও রয়েছে। এই মুহূর্তে আমার লক্ষ্য রিয়াল মাদ্রিদের সাথে বর্তমান চুক্তি শেষ করা।’
স্পেনের জাতীয় দল গত বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে ব্রাজিলের নটিচো ক্লাবের সদর দপ্তরে অনুশীলন করেছে। কনফেডারেশন্স কাপ খেলতে ব্রাজিল আসা স্পেন দল আগামীকাল রবিবার তাদের প্রথম ম্যাচে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলবে।
ক্যাসিয়াস আশা করছেন কাল স্পেনের প্রথম একাদশে থাকবেন। পাঁচ মাস তিনি ক্লাব ও দেশের হয়ে তেমন খেলার সুযোগ পাননি। সাইডবেঞ্চেই বেশি সময় কাটাতে হয়েছে তাকে।
