পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং-এর পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামছুল আলম বৃহস্পতিবার মিরপুর এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ক্ষতিকর পলিথিন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। মিরপুর মডেল থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাত্ক্ষণিক ৩০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে জরিমানা দন্ড প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মালিক/কর্মচারীদের ক্ষতিকর পলিথিন ব্যবহার বিষয়ে সচেতন করা হয় এবং ক্ষতিকর পলিথিন বিক্রয়, বাজারজাতকরণ, বিক্রয়ের জন্য প্রদর্শন থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করা হয়। পরিবেশ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী আগামী ২০ জুন থেকে ৩১ জুলাই’২০১৩ পর্যন্ত ক্ষতিকর পলিথিনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর একই দিন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ছাড়া ও ইটিপি বন্ধ রেখে কারখানার উত্পাদন কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য গাজীপুরে অবস্থিত মল্লিক ফেব্রিক্স লিঃ-কে চার লাখ দশ হাজার টাকা জরিমানা করেন। কারখানার পক্ষে শুনানিতে উপস্থিত মালিক/ প্রতিনিধিরা বর্ণিত অপরাধ স্বীকার করে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। -প্রেস বিজ্ঞপ্তি
