বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর কাছ থেকে সুপার কাপের লড়াইয়ে এক পয়েন্ট কেড়ে নিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল শুক্রবারের ‘এ’ গ্রুপের খেলাটিতে মুলত ভাগ্যের সাথে লড়াই করে পেরে ওঠেনি আবাহনী। স্টেডিয়ামের আবাহনী গ্যালারিতে প্রায় হাজার পাঁচেক দর্শক গোলের আশায় শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে ছিলেন। অপেক্ষায় ছিলেন গোল হবেই। আবাহনীর চেষ্টাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটা।
আবাহনী এদিন নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলেও মুক্তিযোদ্ধাকে হারাতে পারেনি। ব্যর্থতা আবাহনীর। অপরদিকে কিছু না পাওয়ার মধ্যেও সফলতা মুক্তিযোদ্ধার। যদিও পেশাদার লিগে দুই দলের শেষ মুখোমুখিতে মুক্তিযোদ্ধা ৪-১ গোলে হারিয়েছিল আবাহনীকে। সেই সূত্রে বলা যায়, আবারও আবাহনীকে আটকে দিয়ে একটা ভালো সূচনা করেছে মুক্তিযোদ্ধা। কারণ আবাহনীর তুলনায় মুক্তিযোদ্ধা অনেকটাই দুর্বল দল।
আবাহনীতে রয়েছেন ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়, তারপরও মুক্তিযোদ্ধার ফুটলাররা দারুণ আত্মবিশ্বাসী খেলা খেলে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।
আবাহনীর প্রবল আক্রমণের মুখে ৫৬ মিনিটে একবার মুক্তিযোদ্ধার জালে বল ঢুকেছিল। তৌহিদুল পেছনে থেকে দৌড়ে এসে বল জালে পাঠালেও সেটি অফসাইড বলে বাতিল করে দেন রেফারি তৈয়ব হাসান। আবাহনীও গোলের দাবি জানায়নি। সিদ্ধান্ত মেনে নিয়ে খেলায় ফিরেছেন তারা। এরপরও ফ্রি-কিক থেকে সুজন দারুণ একটি শট নিয়েছিলেন। বল মুক্তিযোদ্ধার ডিফেন্ডারের গায়ে লেগে অন্যদিকে ঘুরে যায়।
মুক্তিযোদ্ধা ম্যাচের শেষ মুহূর্তে আবাহনীর উপর আক্রমণ করে গোল করেই ফেলেছিল প্রায়। ম্যাচ জেতার মতো সুযোগও এসেছিল। স্ট্রাইকার রনি এবং কাঞ্চন সুযোগ কাজে লাগাতে পারেননি। বল বাইরে চলে যাওয়ায় আবাহনীও যেন বেঁচে যায়। একটুর জন্য হারতে যাচ্ছিল আবাহনী। দলটির স্ট্রাইকার এনামুল হক, তৌহিদুল আলম, চৌমিন রাখাইনদের ব্যর্থতা চোখে পড়েছে দর্শকদের। আর তাই তারা খেলা শেষে গ্যালারি থেকে ক্ষোভ প্রকাশ করেন।
আজকের খেলা
শেখ জামাল ঃ ব্রাদার্স
মোহামেডান ঃ বিজেএমসি
(বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা ও ৭টা)
