কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে টিলা কেটে লালমাটি ট্রাকযোগে নিয়ে যাওয়া হচ্ছে। শমশের নগর-কুলউড়া সড়কে রাস্তার ধারের টিলা কেটে লালমাটি অন্যত্র স্থানান্তর করায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।
শমশের নগর-কুলউড়া সড়কের রাস্তার ধারে বিমান বাহিনী শমশের নগর ইউনিট এলাকায় কয়েকদিন যাবত্ টিলা কেটে লালমাটি ট্রাকযোগে পরিবহন করা হচ্ছে। স্থানীয় কতিপয় ব্যক্তি বিমানবাহিনী শমশের নগর ইউনিটের কর্মকর্তাদের সাথে আলোচনাক্রমে টিলা কেটে লালমাটি পরিবহন করছেন। শ্রমিকরা জানান, বিমানবাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলে এসব মাটি কিনে নির্মাণাধীন ভবন মালিকদের কাছে বিক্রি করা হচ্ছে। মালিকরা এসব মাটি কিনে তাদের নিচু জমি ভরাট করছেন।
এলাকাবাসী জানান, একের পর এক টিলা কেটে রাস্তা ও স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হওয়ায় পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাছাড়া বিমানবাহিনী এলাকায় কৃষিজমি খনন করে মত্স্য খামার স্থাপন করায় পরিবেশের ক্ষতির কারণ দেখা দিয়েছে। তারা আরো বলেন, এভাবে ছড়া ও নালার পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। বিমানবাহিনী শমশের নগর ইউনিটের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ইউনিটের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডের জন্য টিলার মাটি আংশিক কেটে দেয়া হচ্ছে।
