ঘোড়াঘাটে বাসযাত্রীদের হয়রানি করায় বিজিবি’র ৫ সদস্যকে গণধোলাই

আপডেট : ১৪ জুন ২০১৩, ২২:৪৮
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার খেতাব মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশিকালে যাত্রীদের হয়রানি করায় যাত্রীরা বিজিবির পাঁচ সদস্যকে গণধোলাই দিয়েছে। পরে পুলিশ এসে উদ্ধার করলে তারা মোটর সাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। বেলা ১১টার দিকে যাত্রীবাহী বাস ‘আর এস এস’ হিলি থেকে বগুড়া যাচ্ছিল। বাসটি ঘোড়াঘাটের খেতাব মোড় চেকপোস্টে দাঁড়ালে বিরামপুর ক্যাম্পের হাবিলদার শহিদুল ইসলাম, (নং-৩৮২৩৪) সৈনিক রিয়াজউদ্দিন (৬৬০৩৫) ও সিপাহী আকাবাজ, সিপাহী হাবিব ও ২ জন ন্যামপ্লেট বিহীন বিজিবির সদস্য ওই বাসে তল্লাশি শুরু করে। তারা বাসে মহিলা যত যাত্রী ছিল সকলকে তল্লাশির নামে হেস্তনেস্ত করতে থাকে। সম্ভ্রান্ত মহিলা যাত্রীদের টেনে-হিঁচড়ে নামাতে থাকলে যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যাত্রীরা বিজিবি সদস্যদের গণধোলাই দিতে শুরু করে। ঘোড়াঘাট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের রক্ষা করে। বিজিবির সদস্যগণ তাদের ২টি মোটরসাইকেলে পালিয়ে যায়। গতকালের ঘটনায় অসি জাহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, জেলা পুলিশ সুপার ও বিজিবির সিওকে অবগত করেছে বলে জানান।\