খুলনায় ভোট কেনার নতুন কৌশল!

আপডেট : ১৪ জুন ২০১৩, ২২:৫৬
সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেনার জন্য এবার মেয়র ও কাউন্সিলর প্রার্থী ও তার সমর্থকরা নতুন কৌশল অবলম্বন করেছেন। টাকার বিনিময়ে ভোটের নিশ্চিয়তার জন্য তারা বেছে নিয়েছেন মোবাইলফোনকে। বস্তিবাসী দরিদ্র ভোটারদের মধ্যে টাকা বিলি করার সময় মোবাইলফোনের ক্যামেরা দিয়ে তাদের ছবি ধারণ করার অভিযোগ এসেছে। পাশাপাশি ভোটারদের নির্দেশনা দেয়া হচ্ছে ‘ভোট দেয়ার সময় ছবি তুলে আনার’। তবে যাদের ক্যামেরা মোবাইল ফোন নেই তাদের কাছ থেকে শপথ করে নেয়া হচ্ছে। যদিও গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে। তবুও নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা অমান্য করে কালো টাকা ছড়াছড়ির অভিযোগ রয়েছে। এদিকে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শংকামুক্ত করার জন্য নগরীর মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। অনেক এলাকায় প্রার্থীর পক্ষে মুসল্লিদের কাছে ভোট চেয়ে দোয়া-প্রার্থনাও করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকার বস্তিবাসী দরিদ্র ভোটারদের মধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের লোকজন টাকা বিলি করেছেন। এ সময় তারা ভোটারদের কাছ থেকে শপথ করিয়েছেন ভোট দেয়ার সময় গোপনে মোবাইলফোনের ক্যামেরা দিয়ে ব্যালট পেপারের ছবি তুলে আনার। এছাড়া ভোট দেয়ার শর্তেও বহু দরিদ্র ভোটারকে টাকা দেয়া হয়েছে। রহিমা খাতুন নামে নগরীর রূপসা চরবস্তির একজন নারী ভোটার বলেন, ‘ছার (স্যার) ভোট আইলে আমাগো প্রার্থীর লোকজুনে খোঁজ লন। আমাগো কাছে ভোট চাইতি অনেকেই আইছে। টাহা সাদছে। আবার অনেকে টিনির ঘর দিইতি চাইছে। অনেকে টাহা নিয়ার সময় ক্যামেরা দিইয়া ছবি তুইল্লা নিছে।’ জামাল মিয়া নামে আরেকজন ভোটার বলেন, আমরা যারা টাহা লইছি তাগের কইছে, তুরা বুথির মধ্যি মোবাইলফোন নিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুইলে আনবি। মোবাইলফোন দিয়ে কিভাবে ছবি তুলতে হয় তাও দেহাই দিছে। তিন প্রার্থীর সারাদিন খুলনার তিন মেয়র প্রার্থী বাসা থেকে কম বের হলেও চিন্তামুক্ত হতে পারেননি কেউ। ১৪ দল সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক তার দুইজন স্বজনের মৃত্যুতে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদেন। এছাড়া জুমার নামাজের জন্য বাইরে বের হন। এছাড়া পুরোসময় ধরেই তিনি নগরীর মুন্সীপাড়া এলাকার বাসায় সময় কাটান। নির্বাচনকে উপলক্ষ করে নিজস্ব আত্মীয়-স্বজনরাও বাসায় বেড়াতে এসেছেন। একইভাবে ১৮ দল সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনিও জুমার নামাজের জন্য বাইরে যাওয়া ছাড়া বাদবাকি সময় কাটিয়েছেন বাসায়। নগরীর হাজী মসহিন রোডে অবস্থিত বাসার পাশে তার নিজস্ব অফিসে। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটানোর কারণে তার অনেক হিতাকাঙ্ক্ষি-শুভাকাঙ্ক্ষি গতকাল শুক্রবার সকাল থেকে তাদের ‘মনি ভাইয়ের’ সাথে দেখা করেছেন। জাতীয় পার্টির প্রার্থী অনুরূপভাবে শফিকুল ইসলাম মধুও দিনভর তার সোনাডাঙ্গাস্থ বাসায় সময় কাটিয়েছেন তার শুভাকাঙ্ক্ষি ও কর্মী-সমর্থকদের নিয়ে। কোথাও কোন অসুবিধা আছে কী না তা নিয়েও তারা করেছেন বিস্তর আলাপ-আলোচনা। এভাতেই দীর্ঘ ক্লন্তির পর গতকালই একটু বিশ্রাম নেয়ার সুযোগ হয়েছে। মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন:খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন তিনজন মেয়র প্রার্থীর মধ্যে তালুকদার আব্দুল খালেক ভোট দেবেন পাইওনিয়ার গার্লস স্কুল কেন্দ্রে। অপরদিকে মনিরুজ্জামান মনি ভোট দেবেন খুলনা আলীয়া মাদ্রাসা কেন্দ্রে। আর শফিকুল ইসলাম মধু ভোট দেবেন খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রে।