নাজিরপুরে আওয়ামী নেতার হিন্দু বাড়ি দখলের চেষ্টা

আপডেট : ১৪ জুন ২০১৩, ২৩:০১
উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রী শ্রী প্রণব আশ্রম সংলগ্ন একটি হিন্দু বাড়ি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ-এর যুগ্ম আহবায়ক মোঃ মোসারেফ হোসেন খান দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে । শ্রীরামকাঠী ইউনিয়নের বাসিন্দা ও বরিশাল বিএম কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক শ্রী প্রফুল্ল কুমার রায় প্রায় চল্লিশ বছর আগে প্রণব আশ্রমের দক্ষিণ পাশে দেড় একর জমি ক্রয় করে বাড়ি বানিয়ে সেখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। গতকাল শুক্রবার খুব সকালে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মোসারেফ হোসেন খান একদল লোক নিয়ে প্রফুল্ল কুমার রায়-এর বাড়ির সামনে একটি সাইনবোর্ড ঝুলিয়ে বাড়ির মধ্যে কয়েকটি সীমানা পিলার পুতে নিজেদের দখল প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এ সময় প্রফুল্ল কুমার শ্রীরামকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ আঃ মালেক বেপারীকে খবর দিলে চেয়ারম্যান ও তার লোকজন ঘটনাস্থলে আসলে আওয়ামী লীগ নেতা মোসারেফ হোসেন ও তার লোকজন পালিয়ে যায়। হিন্দু বাড়ি দখল চেষ্টার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান মোঃ আঃ মালেক বেপারী সাংবাদিকদের জানান , ভবিষ্যতেও যে কোন মূল্যে এ বাড়ি দখলের চেষ্টা প্রতিহত করা হবে। তবে এ বিষয়ে কথা বলার জন্য কয়েক দফা যোগাযোগ করেও অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোঃ মোসারেফ হোসেন খান-এর কোন বক্তব্য পাওয়া যায়নি।