গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৫ জুন ২০১৩, ১৯:৪৭
আজ থেকে পনেরো-বিশ বছর আগেও শহুরে মেলাতে দেখা মিলতো কাগজের তৈরি এক ধরনের বাঘের মুখোশের। এ ছাড়া পরবর্তী সময়ে এ ধরনের মেলাতে ঠাঁই করে নেয় প্লাস্টিকের তৈরি নানা মুখাবয়বের প্রতিকৃতিও। যদিও হালে নানা ধরনের মুখোশ যেন ক্রমেই বিদায় নিয়েছে মেলা প্রাঙ্গণ থেকে। তবে মেলার সেই মুখোশ যাদের একটু হলেও স্মৃতিকাতর করে তুলেছে তাদের জন্য আকর্ষণীয় বলে মনে হতে পারে গিনেজের এই রেকর্ডটি। রেকর্ডধারীর নাম জেরল্ড ওয়েশেনমোসার এবং তার বাস জার্মানির স্টারজ্যাকে। সেই ১৯৫৭ সাল থেকে মুখোশ সংগ্রহের নেশা পেয়ে বসেছিল জেরল্ডকে। আর মুখোশের প্রতি এই আগ্রহ থেকেই নানা সময়ে জেরল্ড ঘুরে বেরিয়েছেন চীন, হাওয়াই, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপ ও আফ্রিকার বহু দেশে। সংগ্রহ করেছেন ৫,৬০০টি নানা ধরনের মুখোশ। আর এখন অবধি জেরল্ডের এই সংগ্রহই হলো এ ধরনের সবচেয়ে বড় সংগ্রহ।