জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) ভলান্টিয়ার ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের চার দশক পূর্তি গত শুক্রবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে জাইকা ভলান্টিয়ারের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসাব প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, জাপানী দূতাবাসের হিরোয়িকী মিনামী, জাইকার প্রধান প্রতিনিধি ড. তাকাও তোদা উপস্থিত ছিলেন।
ড. গওহর রিজভী বলেন, গত ৪০ বছর ধরে অকৃত্রিম সেরা বন্ধু হিসেবে জাপান বাংলাদেশের পাশে রয়েছে। চলতি অর্থবছরে বাংলাদেশের সঙ্গে জাপান সরকার দুটি ঋণ প্যাকেজের মাধ্যমে ১৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করেছে।
ড. আলাউদ্দিন আহমেদ বলেন, জাপানি ভলান্টিয়াররা বাংলাদেশে কৃষি, পল্লী উন্নয়ন, কারিগরি, তথ্য প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে কার্যকর অবদান রেখেছে। বিশেষ করে বাংলাদেশের যোগাযোগ খাতের উন্নয়নে দেশটি ব্যাপক অবদান রেখেছে।
তাকাও তোদা বলেন, ১৯৭৩ সালে যখন জাইকা এদেশে কাজ শুরু করে তখন বাংলাদেশ একটি দরিদ্র ও যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল। আজ সেই দেশটি মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার পথে। মাত্র চার দশকের মধ্যে দেশটির এ ব্যাপক উন্নয়নে অংশীদার হতে পেরে জাইকা গর্বিত বলে তিনি জানান।
