হেফাজতে ইসলামের তৃণমূল পর্যায়ে গণসংযোগ শুরু

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:৫০
হেফাজতে ইসলাম বাংলাদেশ শক্ত সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। সংগঠনটি তৃণমূল পর্যায় থেকে তাদের সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে কাজ শুরু করছে বলে দায়িত্বশীল সূত্রে জানা যায়। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ তাদের দুর্বলতার কথা স্বীকার করে বলেন, গত কয়েকটি আন্দোলন খুবই দ্রুততার সাথে হওয়ায় সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজান মাসের পূর্ব পর্যন্ত কওমী মাদ্রাসাগুলোর পরীক্ষা থাকায় বৃহত্তর পরিসরে কর্মসূচি ঘোষণা না দিলেও সংগঠনটির দল গোছানোর কাজ চলছে। পরীক্ষা থাকায় মাদ্রাসা ছাত্রদের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করলেও শিক্ষক, উলামা মাশায়েখ তাদের ভবিষ্যত্ দাবি আদায়ের কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে পরিকল্পনা গ্রহণ করছেন। হেফাজতে ইসলামের সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক হারুন ইজহার ইত্তেফাককে বলেন, নাস্তিক ও নাস্তিকদের দোসরদের ভোট দেয়া যাবে না। শাপলা চত্বরে নৃশংস হত্যাযজ্ঞের দোসরদের বিরুদ্ধে আমাদের অবস্থান। রাজনীতির সাথে হেফাজতের কোন অবস্থান নেই। কিন্তু ১৩ দফার বিরুদ্ধাচরণকারী এবং ইসলাম ও রাসুল (সা.)-এর দুশমনদের বিরুদ্ধে আমরা ধর্মপ্রাণ জনগণকে উদ্বুদ্ধ করার আন্দোলন চালিয়ে যাবো। হেফাজতে ইসলামসূত্রে জানা যায়, সংগঠনটি পুরো রমজান মাসে সাংগঠনিক কাজ করবে। রমজানের পর সংগঠনটি আবার সরাসরি জনগণের সামনে সভা-সমাবেশের মাধ্যমে আসবে। হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফী ইতিমধ্যে এক বিবৃতিতে বলেছেন, আমাদের বেশি দিন দমিয়ে রাখা যাবে না। ১৩ দফা দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাবো।