সমাজে আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠায় বিচার বিভাগকে জোরালোভাবে কাজ করতে এবং ন্যায়বিচারের স্বার্থে বিচারক ও আইনজীবীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তিনি গত শুক্রবার রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত জুডিসিয়াল স্ট্রেংদেনিং (জাস্ট) প্রকল্পের আওতায় মেডিয়েশন সচেতনতা বিষয়ক কর্মশালার উদ্বোধন করতে গিয়ে এ অভিমত ব্যক্ত করেন। প্রধান বিচারপতি আদালতে মামলার জট কমাতে মেডিয়েশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, মেডিয়েটর হিসাবে বিচারক এবং আইনজীবিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, যার মাধ্যমে মামলার দীর্ঘসূত্রতা হ্রাস পাবে। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের জজ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা আইনজীবী সমিতির প্রতিনিধিবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার যোগ দেন। কর্মশালায় বলা হয়, মেডিয়েশন অর্থ বেস্ট প্র্যাকটিসেস। মেডিয়েশন অন্যান্য দণ্ড নিরসন প্রক্রিয়া যেমন সালিশি এবং মামলা থেকে আলাদা যেখানে পক্ষসমূহ নিজেরাই বিরোধীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সমঝোতা প্রণয়ন করে। তবে মেডিয়েটর বিচারক নন এবং কে সঠিক তা নির্ণয় করেন না। মেডিয়েটর মধ্যস্থতায় নানা কৌশল ব্যবহার করেন মাত্র। মেডিয়েশনের সুফল হিসেবে আদালতে মামলার জট হ্রাস পাবে। কর্মশালায় মেডিয়েশনকে প্রাতিষ্ঠানিক করার উপর গুরুত্বারোপ করা হয়।
