সিরাজদিখান থানার সহকারী পরিদর্শক জাহিদুল ইসলামকে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। সিরাজদিখান থানার ওসি আবুল বাসার এই তথ্য দিয়ে জানান, গ্রেফতারকৃত দারোগা বাড়িওয়ালার স্কুলপড়ুয়া কন্যাকে (৬ষ্ঠ শ্রেণি) ধর্ষণ করেছে এমন অভিযোগে ধর্ষিতার পিতা মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পরপরই শুক্রবার দারোগাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উক্ত পুলিশ কর্মকর্তা ধর্ষিতার পিতার বাড়ির ভাড়াটিয়া। গত ৮ জুন ধর্ষিতার বাবা ও মা স্কুলছাত্রীকে বাড়িতে একা রেখে জরুরি প্রয়োজনে ঢাকায় যান। রাতে ফিরতে না পারায় মোবাইল ফোন করে এসআই জাহিদুলের স্ত্রীকে তাদের কিশোরী মেয়েটিকে রাতে জাহিদুলের সমবয়সী মেয়ের সাথে তাদের ঘরে শুতে দিতে বলেন। গভীর রাতে জাহিদুল মেয়েটিকে খাট থেকে তুলে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ফ্লোরে এনে ধর্ষণ করে। এসআই জাহিদুল ইসলাম ধর্ষণের ঘটনা অস্বীকার করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। ওসি আবুল বাসার জানান, তদন্ত শুরু হয়েছে।
