নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্কের দুর্গম চর সেলিমবাজার এলাকায় গণপিটুনিতে ৬ জলদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো ৩ জন মারা যায়। দস্যুদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে স্থানীয় জনতা। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম। বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থলে নিহত বাটা সেলিম (৪৫), শংকর (৪২) ও অজ্ঞাত (৪০) একজনের লাশ উদ্ধার করে এবং বিকালে আহত রুবেল, হান্নান, দেলোয়ার ও মাকসুদসহ ৪ দস্যুকে আটক করার পর থানায় নিয়ে যায়। মুমূর্ষু দেলোয়ার (৩৫) ও মাকসুদকে (৩৮) চরজব্বর স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। আরেক অজ্ঞাত পরিচয় দস্যুকে (৩২) স্বাস্থ্যকেন্দ্রে আনার পথে সেও মারা যায়। হান্নানকে এই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অপর দস্যু আহত রুবেলকে পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে।
