তাড়াশের সেই ছাত্র পেটানো শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেট : ১৫ জুন ২০১৩, ২২:৩৬
ছাত্র পেটানো দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী তাড়াশের গুল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষক রবিউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ১০ জুন উক্ত শিক্ষককে একজন মাত্র ছাত্র সালাম না দেয়ায় পর পর ৩টি শ্রেণির উপস্থিত দেড় শতাধিক ছাত্র-ছাত্রীকে বেধড়ক বেত্রাঘাত করে। খবরটি ইত্তেফাকসহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ায় শিক্ষা বিভাগে তোলপাড় সৃষ্টি হয়। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাময়িক বরখাস্তের চিঠি গতকাল শনিবার উক্ত শিক্ষককে প্রদান করেছেন। ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত শিক্ষকের পিতা গুল্টা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের নিকট মীমাংসা করার জন্য ধর্না দিচ্ছেন। ঘটনার শিকার অনেক ছাত্র-ছাত্রী রাতে ঘুমের ঘোরে চিত্কার করে উঠছে বলে অভিভাবকদের অনেকে জানিয়েছেন।