নেচে-গেয়ে উদীচীর বর্ষাবরণ

আপডেট : ১৫ জুন ২০১৩, ২৩:১৩
গতকাল শনিবার ছিল আষাঢ়ের প্রথম দিন। এদিন বৃষ্টি না হলেও সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মধ্যে দিয়ে উত্সবমুখর পরিবেশে বর্ষাকে বরণ করে নেয় নগরবাসী। সকালে সূর্যোদয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় বসে এই বর্ষাবরণের আসর। শিল্পীরা নীল রঙের পোশাক পড়ে নেচে-গেয়ে স্বাগত জানান ঋতু রাণী বর্ষাকে। এসময় শিল্পীর কণ্ঠে ‘পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে উঠে’ গানটির সাথে একাত্ম হয়ে যান বর্ষা উত্সবে অংশগ্রহণকারী বিভিন্ন বয়সের নারী-পুরুষ। উদীচী ঢাকা মহানগর সংসদ এই বর্ষা উত্সবের আয়োজন করে। সকাল ৭টায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রিয়াংকা গোপের উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উত্সবের আনুষ্ঠানিকতা। সকালের শান্ত, স্নিগ্ধ পরিবেশে প্রিয়াংকা গোপের অসাধারণ সুরেলা কণ্ঠের সুর মূর্ছনায় বিভোর হন উপস্থিত দর্শক-শ্রোতারা। এরপর উদীচী’র শিল্পীরা পরিবেশন করেন গীতিনৃত্যালেখ্য। এর পর পরই ছিল বৃন্দ আবৃত্তি। উদীচী শিল্পীদের আবৃত্তি পরিবেশনার পর নৃত্য পরিবেশন করে ‘নৃত্যম’। এরপর উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে শুরু হয় বর্ষা কথন। উত্সবের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। বর্ষা কথনে অংশ নেন কবি অসীম সাহা, উদীচী’র ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি কাজী মদিনা, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাওজাল, ঢাকা মহানগর সংসদের সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার প্রমুখ। বক্তারা আষাঢ়ের প্রথম দিনে গ্রীষ্মের খরতাপ পরিবেশের প্রতি আমাদের উদাসীনতারই বহি:প্রকাশ বলে মন্তব্য করেন। বর্ষা কথনের পর শুরু হয় উত্সবের দ্বিতীয় পর্ব। এ পর্বে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত দেশবরেণ্য শিল্পীরা। এ পর্বের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে’ গানটি পরিবেশন করেন সেমন্তী মঞ্জুরী। এরপর একে একে নজরুল গীতি, লোকগীতি ও হারানো দিনের গান গেয়ে শিল্পীরা মুগ্ধ করেন দর্শকদের। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন ভাস্বর বন্দোপাধ্যায়, বেলায়েত হোসেন, ডালিয়া আহমেদ, মাসকুরে সাত্তার কলে¬াল ও শিখা সেনগুপ্তা। দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে ‘ধৃতি বিদ্যালয়’, উদীচী পরিচালিত শিল্পকলা বিদ্যালয় ‘বিশ্ববীণা’, উদীচী গেন্ডারিয়া, কল্যাণপুর, মিরপুর, কাফরুল ও পল্ল¬বী শাখার শিল্পীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম এবং ঢাকা মহানগর সংসদের সদস্য হালিমা নূর পাপন।