পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রফিকুল ইসলাম এবং ফরিদ আহম্মেদ পলাশ। ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শুক্রবার রাতে চাঁদপুর সদর থানা থেকে তাদের গ্রেফতার করে। ডিবি জানিয়েছে, রফিক চাদপুর সরকারি কলেজের ছাত্রদলের সদস্য সচিব এবং পলাশ চাঁদপুর সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের গতকাল দুপুর ১টার দিকে গোয়েন্দা পুলিশ রমনা থানায় হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ওই দুই নেতা ডা. দীপু মনির বাসভবনে ককটেল হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিল। হামলার পর তারা গ্রামের বাড়ি চাঁদপুর চলে যায়। গ্রেফতারের পর তারা পুলিশকে জানিয়েছে, চাঁদপুরের স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে বিরোধীদলীয় একজন নেতা ককটেল হামলার ঘটনায় তাদের ইন্ধন দিয়েছে।
২৮ মে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবনের ছাদে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর মন্ত্রীর একান্ত সচিব মিজানুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেন।
