গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ১৮নং কূপের গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গত ২৬ মে কূপটির খনন কাজ শেষ হয়। এ কূপ থেকে পর্যায়ক্রমে জাতীয় গ্যাস গ্রিডে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবার কথা। চলতি বছরের ২২ মার্চ কূপটির খনন কাজ শুরু হয়। গতকাল গ্যাস উত্তোলন কার্যক্রম শুরুর আগে পেট্রোবাংলার চেয়ারম্যান ডক্টর হোসেন মনসুর বলেন, তিতাসের ১৭ ও ১৮নং গ্যাস কূপ খনন কাজ আমরা সফলভাবে শেষ করেছি। এরপর পূর্ব ও দক্ষিণে আরো দুটি কূপ খনন করব। বিজিএফসিএল (বাংলাদেশ গ্যাস ফিল্ড) তিতাস গ্যাস ক্ষেত্রের ১৭ ও ১৮নং কূপ খননের উদ্যোগ গ্রহণ করে। ৩শ কোটি টাকা ব্যয়ে খননকৃত দুটি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। সে সাথে মিলবে প্রতিদিন কমপক্ষে ৫০/৬০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল। গত মার্চে তিতাসের ১৭নং কূপ থেকে গ্রিডে সরবরাহ শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দির তিতাস নদীর তীরে ২০১০ সালে কূপ খননের প্রাথমিক কাজ শুরু হয়।
