দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার ‘অগ্রগতি ভাল’ বলে জানিয়েছেন তার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা। দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে আট দিন ধরে তার চিকিত্সা চলছে। তার স্বাস্থ্যের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা। হাসপাতালে ম্যান্ডেলাকে দেখে এসে তার নাতি ম্যান্ডলা গতকাল শনিবার জানান, ম্যান্ডেলাকে তখন ‘ভাল দেখাচ্ছিল’। এদিকে ম্যান্ডেলার এক দেহরক্ষী মন্তব্য করেছেন, অবিসংবাদিত এই নেতাকে হাসপাতালের ‘কারাগারে’ রাখা হয়েছে। তিনি খুবই নিঃসঙ্গ। মেডিক্যাল টিম কারারক্ষীদের মতো পরিদর্শকদের নিয়ন্ত্রণ করেন। খবর বিবিসি টাইমস অব ইন্ডিয়ার।
ফুসফুস সংক্রমণের কারণে গত ৮ জুন থেকে ম্যান্ডেলাকে প্রিটোরিয়ার হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। ওই দিন প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছিল, ম্যান্ডেলার অবস্থা ‘গুরুতর তবে স্থিতিশীল আছে।’ গত ডিসেম্বর থেকে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হন ম্যান্ডেলা।
মান্ডেলা আগামী মাসে ৯৫ বছরে পা রাখবেন। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনিই দেশটির প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এর আগে শ্বেতাঙ্গ শাসনামলে দীর্ঘ ২৭ বছর তিনি কারাভোগ করেন। শান্তিতে নোবেল বিজয়ী ম্যান্ডেলাকে শেষবারের মত ২০১০ সালের জুলাইয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরুর আগে মাঠে দেখা যায়।
