রমজানে দ্রব্যমূল্য বাড়বে না

আপডেট : ১৫ জুন ২০১৩, ২৩:২৪
আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস পাওয়া, দেশে পর্যাপ্ত মজুদ থাকা এবং প্রস্তাবিত বাজেটে পণ্যের শুল্ক বৃদ্ধি না করার কারণে আসন্ন রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না বলে চট্টগ্রামের ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন। গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করা হয়। বক্তারা অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সর্বশেষ মজুদ পত্রিকায় প্রকাশ করার আহবান জানান। সভায় আসন্ন রমজানে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও নগরীতে ট্রাফিক ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা নির্বিঘ্ন রাখার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সভায় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সিএমপি, মার্কেট এসোসিয়েশন, দোকান মালিক সমিতি, পরিবহন মালিক, আমদানিকারক, খাদ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান, ক্যাব, বিএসটিআই, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক আবদুল মান্নান, সুপারিনটেনডেন্ট অব পুলিশ মো. একেএম হাফিজ আখতার, চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।