১৫ বছর পর শহীদুজ্জামান সেলিম ও সুবর্ণা মুস্তাফা

আপডেট : ১৬ জুন ২০১৩, ২১:১১
একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এই দুই বরেণ্য অভিনয়শিল্পী। দু’জনেরই নাটক-টেলিফিল্ম নিয়মিতই চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে। বড় কোনো উত্সব বা তারকাদের আড্ডা জমার কোনো আয়োজন হলে দেখা-সাক্ষাত্ও হয়। তারপরও একই নাটকে একসঙ্গে কাজ করা হয়নি প্রায় ১৫ বছর। এ দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম ও সুবর্ণা মুস্তাফা দীর্ঘ প্রায় পনের বছর পর একসঙ্গে একটি নাটকে কাজ করছেন। ‘সবুজ ডানা, তবুও উড়ে যেতে মানা’ শিরোনামের এই নাটকটির শুটিং গত দুইদিন ধরে ঢাকার এয়ারপোর্ট ও তার আশপাশের এলাকাগুলোতে হয়। যুবরাজ খানের পরিচালনায় এই নাটকটি লিখেছেন মাতিয়া বানু শুকু। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘এই নাটকে আমরা একে অপরের স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। অভিনয় তো নিয়মিতই করি, আমাদের দেখাও হয় নিয়মিত। কিন্তু সুবর্ণা আবার সঙ্গে আবার কাজ করছি প্রায় পনের বছর পর হবে। গতানুগতিক নাটকের গল্প থেকে এর গল্পটাও অনেকটা ভিন্ন। সুবর্ণা আপা সবসময়ই স্ক্রিপ্টের ব্যাপারে অনেক বেশি চুজি। তাই স্বাভাবিকভাবেই আমরা দু’জন একটি ভালো প্রোডাকশনে কাজ করছি।’ উল্লেখ্য, টম ক্রিয়েশন প্রোডাকশন হাউজ থেকে নির্মিত এই নাটকটি আসছে রোজার ঈদে একটি চ্যানেলের বিশেষ আয়োজনে প্রচার হবে।