মাল্টিপল ভিসার সুবিধা আর বছরের নানান ঝক্কির ভেতরে খানিক অবসরের স্বার্থেই ফি বছর আমেরিকা যাওয়া হয় প্রখ্যাত অভিনেত্রী তমালিকা কর্মকারের। তবে সেগুলো একেবারেই শিডিউল যাতায়াত। কখনও শুটিংয়ের জন্য কখনও নিতান্ত ব্যক্তিগত। কিন্তু তমালিকা কর্মকারের জন্য এবারের যুক্তরাষ্ট্র ভ্রমণটা যেন একেবারেই আলাদা। কারণ নর্থ আমেরিকান বাংলাদেশ কালচারাল সোসাইটির পক্ষ থেকে তমালিকা কর্মকারকে একজন বাংলাদেশি অভিনয়শিল্পী হিসেবে বিশেষ সম্মান জানানো হচ্ছে। যেখানে আমেরিকান সিনেটর রুবেন ডায়াজ এবং অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভিদা উপস্থিত থাকবেন সম্মানিত অতিথি হিসেবে। তারাই প্রদান করবেন শিল্পীকে এই সম্মাননা। নর্থ আমেরিকান বাংলাদেশ কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক নাসরিন আহমেদ ইমেইলে জানান, ‘বিভিন্ন দেশের সম্মানিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এইভাবে এ দেশে ভ্রমণ এবং আগমন উপলক্ষে এ রকম সম্মাননা দেওয়া হয়। অন্যান্য দেশের সাংস্কৃতিক ফোরামগুলো এটা নিয়মিতই আয়োজন করে থাকে।’
