জিয়ার আত্মহত্যা নিয়ে মুখ খুললেন সালমান

আপডেট : ১৬ জুন ২০১৩, ২১:১৪
এ মাসেরই প্রথম সপ্তাহে আত্মহত্যা করেন ‘নিঃশব্দ’খ্যাত বলিউড অভিনেত্রী জিয়া খান। তার আত্মহত্যার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। আত্মহত্যার জন্য তাকে বাধ্য করেছে এমন অভিযোগে গ্রেফতারও হন তার প্রেমিক সুরজ পাঞ্চলি। পরবর্তীতে জানা যায়, জিয়া খান গর্ভধারণও করেছিলেন এবং এ বছরের শুরুর দিকে অ্যাবরশন করেন জিয়া। তবে আরও বেশি আলোচনা সৃষ্টি হয় যখন হঠাত্ করেই এই আত্মহত্যার সঙ্গে জড়িয়ে পড়েন বলিউড টাইগার সালমান খান। সুরজ পাঞ্চলি বলেছিলেন, জিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে সালমান খান বাধ্য করেছিলেন। সালমানের আদেশেই জিয়া থেকে দূরে সরে আসে সুরজ। সালমানের নামটি জড়ালেও এতদিন সালমান এ বিষয়ে কিছুই বলেননি। এবার সালমান খান সবকিছুকে গুজব বলে উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি সুরজকে কখনোই বলিনি জিয়া থেকে দূরে থাকতে কিংবা সম্পর্ক বিচ্ছেদ করতে। এগুলো একেকজনের ব্যক্তিগত বিষয়। আমি কারও ব্যক্তিগত বিষয়ে নাক গলাই না। সুরজ কেন আমাকে জড়াচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না।’