একতরফা ম্যাচে ভারতের জয়

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:০৪
যাচ্ছেতাই ব্যাটিং আর বৃষ্টির কারণেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচেও জিততে পারলো না পাকিস্তান। অনেকটা এক তরফা এই ম্যাচটিতে পাকিস্তানকে আট উইকেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠলো ভারত। ব্যর্থতার ময়না তদন্ত করতে গিয়ে পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হকও দলের ব্যাটসম্যানদেরই দুষলেন। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কোন গুরুত্ব ছিল না; কারণ, গত শনিবারের এই ম্যাচের ফলাফল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণে কোন প্রভাব ফেলতে পারবে না। তারপর দল দুটি যদি হয় ভারত-পাকিস্তান; তাহলে সবার দৃষ্টি তো পড়বেই। আর হলোও তাই! কিন্তু, শেষ পর্যন্ত ‘বি’ গ্রুপের এই ‘মহারণের’ সবটা আলো কেড়ে নিলো বৃষ্টি আর পাকিস্তানের বাজে ব্যাটিং। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানের ব্যাটিং চলাকালে বৃষ্টি আসায় ম্যাচটি নেমে আসে ৪০ ওভারে। তবে, সেই ৪০ ওভারেরও পুরোটা খেলতে পারেনি পাকিস্তান। ৩৯.৪ ওভারে অল আউট হবার আগে মাত্র ১৬৫ রানের পুঁজি সংগ্রহ করতে পারে তারা। ভারতের হয়ে দুটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার. ইশান্ত শর্মা, রবীচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। জবাবে ভারত ব্যাটিংয়ে নামলে আবারও বৃষ্টি নামে। শেষ পর্যন্ত ২২ ওভারে তাদের টার্গেট নির্ধারিত হয় ১০২। আর মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুসারে আট উইকেটের জয় পায় ভারত। সর্বোচ্চ রান করেন ওপেনার শেখর ধাওয়ান। ম্যাচ সেরা হন ভুবনেশ্বর কুমার। বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে ম্যাচ শেষে তাই দলের ব্যাটিং পারফরম্যান্সের ব্যাপক সমালোচনা করলেন, ‘আবারও ব্যাট হাতে আমরা বাজে পারফরম্যান্স করেছি। আর সাথে আবহাওয়াও নিজেদের খেলাটা দেখিয়েছে। তাই সব সময় আমরা পেরে উঠতে পারিনি। এই ধরনের টুর্নামেন্টে আমরা অনেক কম ম্যাচ খেলার সুযোগ পাই, যার কারণে শুরুর ব্যর্থতা কাটিয়ে ফেরা কঠিন হয়ে পড়ে।’ ব্যাটিংয়ের সমালোচনা করলেও বোলারদের ঠিকই বাহবা দিলেন মিসবাহ, ‘আমরা ঠিক ভাবেই বোলিং আক্রমণ চালিয়েছি। বোলাররা তাদের দায়িত্ব ঠিক ভাবে পালন করেছে। এটা আমাদের জন্য অবশ্যই ভাল একটি দিক।’ এই সমালোচকদের তালিকায় মিসবাহ একাই নন, আছেন দলের কোচ ডেভ হোয়াটমোরও। তিনি স্বীকার করে নিয়েছেন যে ভারতের কাছে দাঁড়াতেই পারেনি তার দল। তিনি বলেন, ‘আমরা কেন জয়ের জন্য যথেষ্ট পরিমাণ রান পাচ্ছি না সেটা বুঝতে আইনস্টাইনের মতো জ্ঞানী না হলেও চলে। কিন্তু সমস্যা হলো এই দল নিয়েই আমরা ভারতের মাটিতেই তাদের হারিয়েছি। তাই কোন ভাবেই আমরা খারাপ কোন দল নই। একটা মাত্র সিরিজেই কোন দল খারাপ হয়ে যায় না।’ অন্যদিকে টানা তিন ম্যাচ জয়ের পর দলের খেলোয়াড়দের মাটিতেই পা রাখতে বললেন ধোনি, ‘আমাদের শিরোপা জয়ের পথে এখনও দুটি ম্যাচ বাকি। তাই আমাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতেই হবে।’ দলের এমন পারফরম্যান্সে শুধু ধোনিই নন সাবেক খেলোয়াড়রা বেশ মুগ্ধ। ভারতীয় দলের প্রশংসা করার তালিকায় আছেন ১৯৮৩ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক কপিল দেব, ‘এটিই ভবিষ্যতের দল হিসেবেই গড়ে উঠছে। মাঠে সাহসিকতার সাথে পারফরম্যান্স করে চলেছে তারা। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল ভারতই।’