ইনজুরির শঙ্কা উড়িয়ে দিলেন নেইমার

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:০৬
ব্রাজিলের স্ট্রাইকার নেইমার ইনজুরির খবর উড়িয়ে দিয়ে জানিয়েছেন আগামী বুধবার মেক্সিকোর বিরুদ্ধে নিজেদের পরবর্তী খেলাটির জন্য তিনি প্রস্তুত আছেন। নেইমার গত শনিবার কনফেডারেশন্স কাপের উদ্বোধনী ম্যাচে জাপানের বিরুদ্ধে প্রথম গোলটি করেন। স্বাগতিক ব্রাজিল এই খেলায় এশীয় চ্যাম্পিয়ন জাপানকে ৩-০ ব্যবধানে হারায়। ২১ বছর বয়সী নেইমারকে খেলার ৭৪ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয়। তার বদলে মাঠে নেমেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের উইঙ্গার লুকাস। বার্সেলোনার তারকা খেলোয়াড় নেইমার বলেন,‘আমি ঠিক আছি। পিঠে হালকা ব্যথা অনুভব করছি এটা ঠিক।’ যদিও গুঞ্জন ছিল হাঁটুতে সমস্যা আছে তার। এ ব্যাপারে নেইমার বলেন,‘প্রতিটি খেলোয়াড়েরই হালকা ব্যথা থেকেই থাকে।’ ম্যানে গারিঞ্চা স্টেডিয়ামে ব্রাজিলের কোচ লুইজ ফিলিপ স্কলারি যখন নেইমারকে তুলে নিচ্ছেন সেসময় অনেকে ভ্রূ কুচকে ছিলেন। সাধারণত এমনটা হয় না। তারপরও নেইমার নিশ্চিতভাবে জানান, তিনি ফোরটেলেজা ক্যাসটেলো স্টেডিয়ামে মেক্সিকোর বিরুদ্ধে প্রথম একাদশেই থাকবেন। নেইমার আশ্বস্ত করে বলেন,‘চিন্তার কিছু নেই। আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন।’