নারীর ক্ষমতায়নে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই করার প্রত্যয়

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:০৮
রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং ক্ষমতায়নের জন্য পুরুষের সাথে নয় পুরুষতান্ত্রিকতার সাথে লড়াই করতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন দেশের নারী সাংসদরা। তারা মনে করেন এই যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য তাদের দক্ষতা যোগ্যতা বাড়াতে হবে। গতকাল রবিবার নগরীর একটি হোটেলে দশম কমনওয়েলথ উইমেন্স এফেয়ার মিনিস্টার মিটিং-এ তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। কমনওয়েলথ উইমেন্স পার্লামেন্টারিয়ানস-এর চেয়ারপারসন এবং ডোমিনিকা’র হাউজ অব এসেম্বলির স্পিকার এলেক্স বয়েড নাইটস এতে সভাপতিত্ব করেন। এতে উগান্ডা পার্লামেন্টের প্রথম নারী স্পিকার রেবেকা কাডাগা এমপি, পশ্চিম আফ্রিকার সিভিল সোসাইটি ইনস্টিটিউটের পরিচালক নানা আফাডজিনু এবং বাংলাদেশের সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন নিজ নিজ দেশের রাজনীতিতে নারীর অবস্থান তুলে ধরেন। এতে দেখা যায় পশ্চিম আফ্রিকার অনেক দেশে এখনও নারীরা ঘর-গৃহস্থালির কাজকে নারীর ক্ষমতায়নের চেয়ে বেশি গুরুত্ব দেয়। নানা আকাডজিনু উল্লেখ করেন, পশ্চিম আফ্রিকার এই এলাকায় প্রান্তিক নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জন্য সরকারকে নারীদের উত্সাহিত করতে হবে। নারীদের সমান অংশগ্রহণ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পূর্বশর্ত মনে করেন রেবেকা কাডাগা। সাগুফতা ইয়াসমিন বলেন, এদেশে সরকার ও বিরোধী দলের নেতৃত্ব দীর্ঘদিন যাবত্ নারীর নিয়ন্ত্রণে। এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নারী এবং সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন ও স্থানীয় পর্যায়ে নারী প্রতিনিধিদের অবস্থান আছে। নারীরা সরাসরি ও সংরক্ষিত আসনের জন্য নির্বাচন করতে পারেন। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে নারীর-পুরুষের সমান অংশগ্রহণ করার লক্ষ্যে কাজ করছে।