আরো ২ হাজার মৌ-চাষি তৈরি করবে বিসিক

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:০৯
বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আরো ২ হাজার মৌ-চাষী তৈরি করবে। বিসিক মধু উত্পাদনের মাধ্যমে আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ইতিমধ্যে দেশের ১৮ হাজার মৌ-চাষীদের প্রশিক্ষণ দিয়েছে। এ কার্যক্রম প্রসারে বিসিক ৯ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। একই সাথে সুন্দরবন অঞ্চলের মৌয়ালসহ প্রায় ৬ হাজার মৌ-চাষীকে দক্ষতা উন্নয়নধর্মী প্রশিক্ষণ দেয়া হবে। বিসিকের ‘আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌ-চাষ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত মধু মেলা-২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। রাজধানীর মতিঝিলে অবস্থিত বিসিক ভবনে রবিবার এই মেলার উদ্বোধন করা হয়। ৫ দিনব্যাপী এ মধু মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ২০ মৌ-চাষী মধু ও মধুজাত পণ্য প্রদর্শন করছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলার পাশাপাশি মধু চাষে উত্সাহিত করতে প্রতিদিন বিকালে বিসিক ভবনের সম্মেলন কক্ষে মৌ-চাষী কল্যাণ সমিতি এবং বিসিকের যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন করা হবে। এর ফলে আধুনিক মৌ-চাষের প্রযুক্তি ও সুবিধা সম্পর্কে জানা সহজ হবে বলে আশা করা হচ্ছে।