আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়িয়ে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় মনিটরিং কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, বর্তমানে সব নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তাই রমজানে দাম বাড়ার কোন কারণ নেই।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টিসিবি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় রমজানে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের উত্পাদন, সরবরাহ, আমদানি ও মজুদ পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেজন্য সংশ্লিষ্ট সব মহলকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
