তোপখানায় গুলিতে হোটেল কর্মী আহত

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:১০
রাজধানীর তোপখানায় গুলিতে বরকত নামে এক হোটেল কর্মী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে তোপখানা রোডস্থ আবাসিক হোটেল রিলাক্সে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হোটেল রিলাক্সে আমিনুল, অপুসহ নিয়মিত হোটেলের রুম দখল করে আড্ডা দেয়। তবে বিষয়টি মালিক আগে কখনও পুলিশকে অবহিত করেনি। গতকাল দুপুরে জোর করে রুম দখল করা নিয়ে হোটেল মালিক ফারুকের সঙ্গে আমিনুলের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায় আমিনুল উত্তেজিত হয়ে ফারুককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বরকতের বাম হাতে বিদ্ধ হয়। লোকজন ছুটে এলে আমিনুল, অপু দলবল নিয়ে পালিয়ে যায়। মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।