গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীরের মনোনয়ন গ্রহণের নির্দেশ

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:১৫
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। প্রসঙ্গত গত ১০ জুন রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করে। গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম বহাল আছেন এই কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিসারের বাতিল আদেশের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কাছে তিনি আপিল করেন। বিভাগীয় কমিশনার তার আবেদন খারিজ করে রিটার্নিং অফিসারের আদেশ বহাল রাখে। নির্বাচন কমিশনের এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। আবেদনে বলা হয়, গত ২ জুন জাহাঙ্গীর আলম উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেয়া হয়। কিন্তু অসত্ উদ্দেশ্যে পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়নি মন্ত্রণালয়। মেয়র পদে যাতে তিনি নির্বাচন করতে না পারেন সেজন্যই এই পদত্যাগপত্র আটকে রাখা হয় বলে আবেদনে বলা হয়। আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদনটি নিষ্পত্তি করে এ আদেশ দেয়। ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এদিকে গাজীপুর প্রতিনিধি জানান, হাইকোর্ট কর্তৃক মো: জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবর পেয়ে তার কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। গাজীপুর সিটি মেয়র নির্বাচনে তার প্রার্থীতা বৈধ হওয়ায় এখন নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে আশা করা হচ্ছে।