খালেককে মিষ্টিমুখ করালেন মনি

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:৪৯
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে বিজয়ী মেয়র বিএনপি সমর্থিত মনিরুজ্জামান মনি আওয়ামী লীগ সমর্থিত পরাজিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে তার বাসায় গিয়ে মিষ্টিমুখ করিয়েছেন। গতকাল রবিবার দলের বেশ কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তিনি বিদায়ী মেয়রের গগন বাবু রোডের বাসায় যান। এর আগে পরাজয় মেনে নিয়ে নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানান তালুকদার খালেক। পরে নবনির্বাচিত মেয়র তার বিজয় নগরবাসীর প্রতি উত্সর্গ করার ঘোষণা দেন। দলীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মনিরুজ্জামান মনি বাসায় গিয়ে তালুকদার খালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা কোলাকুলি ও মিষ্টিমুখ করেন। এছাড়া দায়িত্ব পালনে খালেকের সহযোগিতা কামনা করেন । খালেকও মনিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে মেয়র মনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ নেতা আজমল আহমেদ তপনের বাসায় যান। তপনের মায়ের মৃত্যুর ঘটনায় তাকে সমবেদনা জানান।