ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চুয়েট এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:৫১
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আগামী এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত শনিবার রাতে হলে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে তৃতীয় বর্ষের ছাত্র নায়েব গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে রাত থেকেই ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে বড় ধরনের সংঘর্ষের আশংকা দেখা দেয়ায় গতকাল রবিবার কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকে চুয়েট বন্ধ ঘোষণা করেন। একইসাথে ছাত্র-ছাত্রীদের গতকাল বেলা ৩টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে চুয়েটের ভিসি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ইত্তেফাককে জানান, ছাত্রদের দুই দলের বিরোধকে কেন্দ্র করে ক্যাম্পাসে বড় ধরনের সংঘর্ষের আশংকায় চুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাস শনিবার আবার খুলবে। ক্যাম্পাসে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি শান্ত হয়। চুয়েট বন্ধ ঘোষণা ও ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের পর ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার করে নেয়া হয়েছে।