নাটোরের যুবলীগ নেতা পলাশ কর্মকার হত্যা মামলায় বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়।
দুলুর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিষ্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট মমতাজউদ্দিন ফকির ও ডেপুটি এটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। গত বছর ৮ ডিসেম্বর নাটোরে গুলিবিদ্ধ হন নাটোর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ কর্মকার। চিকিত্সাধীন অবস্থায় ১১ ডিসেম্বর পলাশ মারা যান। এ ঘটনায় ৯ ডিসেম্বর নাটোর থানায় একটি মামলা হয়। এ মামলার আসামি বিএনপি নেতা দুলু জামিন চেয়ে আবেদন করলে গত ২ জানুয়ারি নাটোর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজ করে দেয়। এরপর দুলু হাইকোর্টে আবেদন করেন।
