গতকাল রবিবার দুুপুরে বিএনপির নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বৈঠক করে সংসদ অধিবেশনে অশোভন এবং অসংসদীয় ভাষায় বক্তব্য দেয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। তারা সরকারি দলের এমপিদের বিরুদ্ধে এ ধরনের ভাষা প্রয়োগের অভিযোগ তুলেছেন। বিরোধী দলের সংসদ সদস্যদের পক্ষে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
স্পিকারের কার্যালয়ে বৈঠক করে বিরোধী দলের সদস্যরা সাংবাদিকদের নিকট কোন কিছু না বলে সরাসরি অধিবেশন কক্ষে চলে যান। বৈঠক নিয়ে বার বার জানতে চাওয়া হলে বিরোধী দলের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাত্ করেছি। এ ব্যাপারে গণমাধ্যমের সাথে কোনো কথা না বলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিছু বলার থাকলে স্পিকার বলবেন।
পরে স্পিকারের কার্যালয়ে গিয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বিরোধী দলের সদস্যরা অধিবেশন চলাকালে বিরোধী দলের উদ্দেশে সরকারি দলের সদস্যদের দেয়া ‘অশোভন, অসংসদীয় ও আক্রমণাত্মক’ ভাষা ব্যবহার নিয়ে কথা বলেছেন। স্পিকার হিসাবে আমি এ ধরনের ভাষার প্রয়োগ কিভাবে বন্ধ করতে পারি তা নিয়ে কথা বলেছেন। উল্লেখ্য, গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের প্রায় প্রতিদিনই সরকার ও বিরোধী দল পরস্পরের প্রতি অশোভন, অসংসদীয় ও আক্রমণাত্মক বক্তব্য রাখলে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। এজন্য সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে দায়ি করা হলেও বিরোধী দল এ বিষয়ে সরকারি দল আগে থেকে উস্কানি দিয়েছে বলে অভিযোগ করেছে।
