খুলনায় বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:৫৬
ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতা ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন খানকে (৬৫) সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। খুলনা শহরের সিমেট্রি রোডে গতকাল রবিবার এ ঘটনা ঘটে। এদিকে প্রকাশ্যে রাস্তার উপর এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে রিজিয়া বেগম (৫৫) নামের এক আম বিক্রেতা হূদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা গেছে। তিনি নগরীর রিয়া বাজার এলাকার বাসিন্দা। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিমেট্রি রোডের একটি অর্পিত সম্পত্তি দোতলা বাড়ি নিয়ে দেলোয়ার হোসেনের সঙ্গে স্থানীয় নূরজাহান বেগমের ছেলেদের সঙ্গে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বিরোধের জের ধরে মামলা চলে আসছে। গতকাল সকালে দেলোয়ার হোসেন বাসা থেকে বের হয়ে সিমেট্রি রোড দিয়ে যাচ্ছিলেন। ওই সময় নূরজাহান বেগমের তিন ছেলে রাজু, তাজু ও কাজু তার উপর হামলা চালায়। তারা হাতুড়ি ও চাইনিজ কুড়াল দিয়ে দেলোয়ার হোসেনের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত দেলোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ধারণা করছেন এই বাড়ি নিয়ে কোন্দলের জের ধরেই দেলোয়ারকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী শওকত আরা গতকাল ৫ জনকে আসামি করে খুলনা থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একই বাসার বাসিন্দা নূরজাহান বেগম ও তার আত্মীয় ঈসানকে গ্রেফতার করেছে। নিহত দেলোয়ার ডুমুরিয়া উপজেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামে।