ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিনকে (৫০) কুপিয়ে ও পরে বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার রাত পৌনে ৮টায় শহরের হামদো এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, রুহুল আমিন রাতে তার হামদো এলাকার বাসা থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে। সদর উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাসের বাসার সামনে তিনি পৌঁছলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা রুহুল আমিনকে লক্ষ্য করে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি তাজা বোমা ও ৫টি রাম দা ও হাঁসুয়া উদ্ধার করেছে। প্রসঙ্গত, রুহুল আমিন এক সময় চরমপন্থি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
