ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ চার ভারতীয় নাগরিক ও ২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে তাদের আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ২টি দেশীয় পাইপগান, ২টি ওয়াকিটকি, ৪টি মোবাইলসহ মোটরসাইকেল চুরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ভারতের বিশালগড় জেলার নেতাজিনগর গ্রামের মৃত শ্যামল চন্দ্র দেবনাথের ছেলে স্বর্ণজিত দেবনাথ (২৩), উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর গ্রামের রতি রঞ্জন চৌধুরীর ছেলে নির্মলেন্দু চৌধুরী (৩২), পশ্চিম ত্রিপুরা জেলার বাদারঘাট এলাকার সুনিল সরকারের ছেলে শংকর সরকার (৩১), একই জেলার রাজনগর এলাকার অবনি দাসের ছেলে বিমল দাস, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে আমজাদ হোসেন শাওন (২২) ও কসবা উপজেলার মান্দারপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে হাসিবুল হাসান অনিক (১৯)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন: ‘ব্লু-মুন’ নিয়ে এলেন বেজোস, ২০২৪ সাল থেকেই চাঁদে বসবাস
কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেলে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক ও ২ জন বাংলাদেশের নাগরিক।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক বলেন, বেশ কিছুদিন যাবৎ এ সংঘবদ্ধ সন্ত্রাসী দলটিকে ধরার জন্য বিভিন্ন পর্যায়ে সোর্স নিয়োগ করা হয়েছিলো।
ইত্তেফাক/কেকে
