আকাশে পাখির অবাধ বিচরণ দেখে মানুষ ওড়ার স্বপ্ন দেখতো। সেই স্বপ্ন সফলও হয়। কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে সব মানুষ তার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে না। এবার অল্প আয়ের মানুষের সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে চেক প্রজাতন্ত্রের প্রযুক্তিবিদরা নতুন ধরনের বাইসাইকেল তৈরি করেছেন। আর এটি যানজট নিরসনেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। খবর এপি’র।
গত বুধবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে আকাশে উড়তে সক্ষম ইলেকট্রনিক বাইসাইকেলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর সময় বাইসাইকেলটি পাঁচ মিনিটের জন্য আকাশে সফলভাবে ওড়ানো হয়। এর গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় দূর নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে। ৯৫ কিলোগ্রাম ওজন বিশিষ্ট এই বাইসাইকেলের সামনে- পেছনে দুটি করে এবং ডানে-বামে একটি করে ব্যাটারি চালিত পাখা রয়েছে। বর্তমানে এটি মানুষের সাহায্য ছাড়াই আকাশে ওড়ানো হয়। তবে ডিউরেটেক বাইসাইকেলের কারিগরি পরিচালক মিলান ডুচেক বলেন, মানুষ দিয়ে চালাতে আরো শক্তিশালী ব্যাটারি প্রয়োজন। বর্তমানে সেই চেষ্টা চলছে। আমরা আশা করছি, ভবিষ্যতে এই সাইকেল খেলাধুলা এবং পর্যটনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।
