জনগণ অনাস্থা দিয়েছে সংসদ ভেঙে দিন :মওদুদ

আপডেট : ১৬ জুন ২০১৩, ২৩:১২
গতকাল সংসদে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ চার সিটিতেই ১৮ দলীয় জোট প্রার্থীদের বিপুল বিজয়কে সরকারের প্রতি জনগণের ‘অনাস্থা’ দাবি করে সরকারের পদত্যাগ দাবি করেন। বাজেট অধিবেশনের পর সংবিধান সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দেয়ার দাবিও জানান তিনি। পয়েন্ট অব অর্ডারে সিটি নির্বাচন প্রসঙ্গে বক্তব্যের সূচনা করে ব্যারিস্টার মওদুদ বলেছেন, ‘চার সিটি নির্বাচনে বিরোধী দলের জয় সরকারের ওপর জনগণের অনাস্থা প্রমাণ করেছে। আর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। মেয়াদ পূর্ণ করার নৈতিক অধিকারও তাদের নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনের কূটকৌশল ও প্রতিকূল অবস্থার মধ্যেও জনগণ বিএনপিসহ ১৮ দলীয় জোট এবং জাতীয়তাবাদী শক্তির প্রতি তাদের রায় দিয়েছে। এই বিজয় দেশের মানুষের বিজয়। গত চার বছরে বিরোধী দলের ওপর সরকারের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে বিজয়। শেয়ার বাজার, হলমার্ক ও পদ্মাসেতু নিয়ে সরকারের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে বিজয়। ছাত্রলীগ-যুবলীগের সীমাহীন টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও ধর্ষণের বিরুদ্ধে বিজয়। এই বিজয় সরকারের দুঃশাসন ও অপশাসনের বিরুদ্ধে জনগণের বিজয়। মওদুদ বলেন, এখন সরকার কী বলবে, সেটা আমরা জানি। তারা হয়তো বলবে এই নির্বাচন প্রমাণ করেছে তাদের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তবে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি, নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ের আন্দোলনের অংশ হিসাবেই। এই আন্দোলনের কারণেই জনগণ আমাদের বিপুল ভোটে বিজয়ী করেছে। আমাদের আন্দোলনও অব্যাহত থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, চার সিটি করপোরেশনের নির্বাচন সম্পূর্ণভাবে স্থানীয় সরকার নির্বাচন, এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এ দুটির সঙ্গে তুলনা করাও ঠিক হবে না। সরকার হয়তো বলতে পারে-চার সিটির নির্বাচন সুষ্ঠু হয়েছে, সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, বিএনপি জয়ী হয়েছে, তাই আগামী জাতীয় নির্বাচনও বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু হবে। কিন্তু তাদের এ বক্তব্য মেনে নেয়া যায় না। জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনেই। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, জনগণ এ সরকারকে বুুঝিয়ে দিয়েছে যে, নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগের পরিণতি হবে ভয়াবহ। তার মতে, এই রায় সরকারের শেয়ারবাজার লুণ্ঠন, হলমার্ক কেলেঙ্কারি ও পদ্মা সেতুতে দুর্নীতির বিরুদ্ধে। এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, ডেমোক্রেটিক মুভমেন্টের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম প্রমুখ।