যৌথ নদী কমিশনের বৈঠক স্থগিত

আপডেট : ১৬ জুন ২০১৩, ২৩:১৩
যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক স্থগিত হয়ে গেল। আগামী ১৮ ও ১৯ জুন ঢাকায় এ বৈঠক হবার কথা ছিল। গতকাল রবিবার ভারতের পানি সম্পদ মন্ত্রী হরিশ রাওয়াত জেআরসি বৈঠক উপলক্ষে তার পূর্ব নির্ধারিত ঢাকা সফর বাতিল করেন। ফলে জেআরসির বৈঠকও স্থগিত হয়ে যায়। পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ও ভারতের পানি সম্পদ মন্ত্রীর নিজ নিজ পক্ষে জেআরসি বৈঠকে নেতৃত্ব দেয়ার কথা ছিল। তিন বছরের বেশি সময় পর জেআরসির ৩৮তম এই বৈঠকের দিনক্ষণ স্থির হয়। সর্বশেষ জেআরসির ৩৭তম বৈঠক ২০১০ সালের ১৮ ও ১৯ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। ঢাকা বৈঠকে প্রস্তাবিত তিস্তা চুক্তির চূড়ান্তকরণ ও পানির হিস্যা নির্ধারণ এবং টিপাইমুখ বাঁধ নির্মাণ ইস্যু আলোচ্যসূচিতে ছিল। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী জানান, ভারতের পক্ষ থেকে রবিবার সকালে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে চিঠি দিয়ে তাদের পানি সম্পদ মন্ত্রীর না আসার কথা জানানো হয়। অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে পানি সম্পদ মন্ত্রী হরিশ রাওয়াত ঢাকা আসতে পারছেন না বলে উল্লেখ করা হয়। একই কথা বলে ভারতীয় হাইকমিশন ও যৌথ নদী কমিশনের কর্মকর্তারা। জেআরসির বৈঠকের নতুন তারিখ নির্ধারিত হয়নি। দুই দেশের কর্মকর্তারা আলোচনা করে নতুন তারিখ ঠিক করবেন। জেআরসির এই বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলে পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব ব্যানার্জীর অংশ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি না আসার সিদ্ধান্ত নেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে রাজ্যের সেচমন্ত্রী রাজীব প্রতিনিধি দল থেকে সরে দাঁড়ান।