বাংলাদেশ মু্ক্তিযোদ্ধা সংসদ

কমিটির মেয়াদ বৃদ্ধির চেষ্টার অভিযোগ জেলা কমান্ডারস ফোরামের

আপডেট : ১৬ জুন ২০১৩, ২৩:১৫
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটিসহ জেলা ও উপজেলার বর্তমান নেতৃত্ব নিজেদের অপকর্ম ঢাকতে সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে কমিটির মেয়াদ ১ বছর বৃদ্ধির জন্য জাতীয় কিছু নেতৃবৃন্দকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে জেলা কমান্ডারস ফোরাম ও বিশিষ্ট মুক্তিযোদ্ধারা। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ জানিয়ে লিখিত বক্তব্যে জেলা কমান্ডারস ফোরামের আহবায়ক ও ফরিদপুরের সাবেক জেলা কমান্ডার মো: আবুল ফয়েজ শাহনেয়াজ বলেন, আগামী ২৬ জুন বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিংবা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-এর এ বিষয়ে কোন তত্পরতা লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে কে বা কারা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বভার গ্রহণ করবে তা আমরা কিছুই জানি না। মুক্তিযোদ্ধা সংসদের ৪২ বছরের ইতিহাসে নির্বাচিত কমিটির মেয়াদকাল বর্ধিত করার প্রচেষ্টা নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সারা দেশের মুক্তিযোদ্ধারা ধৈর্য ধরে অপেক্ষা করছে। তাদের ঐক্য ধরে রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কমান্ডার আব্দুর রব, গাইবান্ধার জেলা কমান্ডার মাহমুদুল হক শাহাজাদা, নাটোরের জেলা কমান্ডার নইমুদ্দিন আহম্মেদ, বগুড়ার জেলা কমান্ডার ডা: এম জহুরুল ইসলাম, শরিয়তপুরের জেলা কমান্ডার মো: আবদুল জলিল হাওলাদার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বীরপ্রতীক, সুবেদার আব্দুল ওহাব বীরপ্রতীক প্রমুখ।