অ্যালুমিনিয়াম তৈজসপত্রের উত্পাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দাবি

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:৪৮
অ্যালুমিনিয়াম তৈজসপত্রের উত্পাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি চেয়েছেন এ শিল্পের মালিকরা। তারা বলছেন, শিল্পটি দেশের সম্পূর্ণ চাহিদা মিটিয়ে আসছে। এ শিল্পখাতে বহু ক্ষুদ্র ও মাঝারি কারখানা রয়েছে এবং অসংখ্য শ্রমিক, মজুর, কর্মচারী, খুচরা বিক্রেতা ও ফেরিওয়ালাসহ কয়েক লাখ জনবল ও তাদের পরিবার জড়িত। প্রস্তাবিত বাজেটে নতুন আরোপিত এ ভ্যাট প্রত্যাহার করা না হলে এ শিল্পখাত ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, অ্যালুমিনিয়াম গৃহস্থালি তৈজসপত্রের (হাঁড়ি-পাতিল) উত্পাদন পর্যায়ে নতুন করে ভ্যাট আরোপের প্রস্তাব এ শিল্পের জন্য বিরাট প্রতিবন্ধকতা তৈরি করবে। অ্যালুমিনিয়ামের তৈজসপত্র সাধারণত দরিদ্র শ্রেণির এবং ছিন্নমূল মানুষের নিত্য ব্যবহার্য পণ্য। এজন্য দেশে ভ্যাট প্রচলনের পর থেকেই অতীব প্রয়োজনীয় এ পণ্যে উত্পাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি আছে। সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান বলেন, উত্পাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা না হলে এ পণ্যের আমদানি বাড়বে। কারণ, পার্শ্ববর্তী দেশ ভারতে অ্যালুমিনিয়ামের খনি আছে যার ফলে সেখানে কম মূল্যে ইনগট (কাঁচামাল) পাওয়া যায়। তাই দেশীয় শ্রমঘন এ শিল্পের রক্ষায় উত্পাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার জরুরী।