বিব্রত শাকিব খান

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:৫০
তরুণ নির্মাতা মোস্তফা কামাল রাজের কেবল একটি মাত্র চলচ্চিত্রই মুক্তি পেয়েছে। ‘প্রজাপতি’ নামের এ চলচ্চিত্রের মৃদু সাফল্যের পর অদম্য উত্সাহে নির্মাতা আরও একটি চলচ্চিত্র শুরু করেন। ‘ছায়া-ছবি’ নামের এই চলচ্চিত্রটিও তার প্রথম চলচ্চিত্রের মতোই একটি স্যাটেলাইট চ্যানেলের প্রযোজনায় তৈরি। পরিচালক দীর্ঘদিন ধরে ছবিটির মুক্তির অংক না মেলাতে পারলেও এরই ভেতর আরও একটি চলচ্চিত্রের নাম নিবন্ধন করে এর ঘোষণা দিয়েছেন। তরুণ নির্মাতা হিসেবে অবশ্যই এটি রাজের জন্য বড় সংবাদ। তার তৃতীয় চলচ্চিত্রটির নাম ‘কানামাছি’। কিন্তু ছবিটিতে শাকিব খান, মীম ও চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন এমন একটি তথ্য এলেও বিষয়টি নিয়ে শাকিব খান কিছুই জানেন না বলে জানালেন খোদ পরিচালক ও নায়ক শাকিব খান। তাই এ খবরে বিভ্রান্ত হয়েছেন দর্শক এমনকি ছবির কলাকুশলীরা নিজেই। শাকিব খান বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমি তো এই ছবি সম্পর্কে কিছুই জানি না—কে ছবিতে অভিনয় করবে, এর স্ক্রিপ্ট কী, আমি করব কি করব না! হ্যাঁ, এটা ঠিক রাজের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। কিন্তু এ ধরনের বিভ্রান্তি পরিচালক মারফত ছড়ানো হলে তা খুবই দুঃখজনক। আমাদের কেবল দুয়েকটি আড্ডায় ছবি নিয়ে কথা হয়েছে—এই যা। আর এমন তো প্রায়ই কত রকম কথা হয়। কিন্তু নিজের ছবির ঘোষণা নিজেই পত্রিকায় দেখে খুব অবাক হয়েছি। কারণ কোনো চূড়ান্ত কথা হয়নি। আমি জানি না ছবির নাম কী হবে, ছবির গল্প কেমন। আমার বিপরীতে কে থাকবে, তার সাথে আমি কাজ করব কি না বা আমার এখনকার ইমেজের সাথে এই ছবির গল্পটা যাবে কি না। সব দিক মিলিয়েই তো একটি ছবির কন্ট্রাক্ট হয়। অথচ কোনো কিছুর ভিত্তি যেখানে শুরুই হয়নি, সেখানে এইরকম খবর প্রকাশের কী উদ্দেশ্য আমি জানি না। গতকাল সারাদিন আমি ডাবিং ও কিছু ছবির মিটিংয়ে ব্যস্ত ছিলাম। হঠাত্ করেই এই উড়ো খবর পত্রিকায় দেখে আমি নিজেও অবাক।’ অন্যদিকে ছবিটির পরিচালক মোস্তফা কামাল রাজও দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের কোনো কিছুই আসলে চূড়ান্ত করা হয়নি। আমি আমার ‘কানামাছি’ ছবির ক্যাম্পেইন নিয়ে খুবই হতাশ। কারণ অনেকেই কোনো কিছু না জানিয়েই শিল্পীদের ছবিসহ খবর প্রকাশ করে ফেলছে। কিন্তু এতে যে প্রডাকশন বা ছবির মূল পরিকল্পনরা ব্যহত হয়, এটা কী করে বুঝাব। এখনও কোনো কিছুই চূড়ান্ত করিনি। আর একটা চলচ্চিত্রের সবকিছু চূড়ান্ত করতেও তো সময় লাগে। আর আমি কখনোই আমার ছবির ব্যাপারে মিথ্যে স্ট্যান্ট নেওয়াতে বিশ্বাসী নই। আমি কাজে বিশ্বাসী, আওয়াজে বিশ্বাসী নই। তাই পুরো খবরটি পড়ে আমিও হতবাক। আমার সাথে এক আড্ডাতে কয়েকবার কথা হয়েছে। কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়।’