শুরু হচ্ছে ‘ফিউচার লিডার্স প্রোগ্রাম’

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:৫২
দেশের ইতিহাসে প্রথম বাণিজ্য বিষয়ে সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক টিভি রিয়েলিটি শো ‘দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম’ (এফএলপি) ইন বিজনেস ২০১২-১৩ প্রচার শুরু হয়েছে চ্যানেল আইতে। বহির্বিশ্বের ব্যবসা বাণিজ্যের ধরন ও ধারণা একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে সহজভাবে তুলে ধরে ভবিষ্যত্ উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃত্ব গড়ে তুলতেই এই উদ্যোগ। ব্যবসায় প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটি বিভিন্ন বাছাই শেষে মূল পর্বে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও ব্যবসা প্রশাসন বিভাগের ৪৪ মেধাবী শিক্ষার্থীকে নিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠানটির সঙ্গে রয়েছে মাত্রা, এফএলএল এবং রেডিও ফুর্তি। গতকাল দুপুরে চ্যানেল আই ভবনের চার নম্বর স্টুুডিওতে এফএলপি বোর্ডরুম আদলে সজ্জিত সুদৃশ্য সেটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখান থেকে এই প্রতিযোগিতার বিচার ও এলিমিনেশন কার্যক্রম নির্ধারণ করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিযোগিতার পরিকল্পনা অনুযায়ী প্রধান বিচারক প্রতিযোগীদের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ ভাগ করে দেবে, প্রতিযোগীরা দলগতভাবে তা সম্পন্ন করার মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে নিজেদের নেতৃত্বগুণ তুলে ধরবে। নির্ধারিত কাজগুলো আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট ও চাহিদার উপর ভিত্তি করে সাজানো হয়েছে।