বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে দৃষ্টান্তের সূচনা করেছে

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:৩৮
বাংলাদেশে রাজনৈতিক ও ক্ষুদ্র শিল্পে নারীর ক্ষমতায়ন সারাবিশ্বে দৃষ্টান্তের সূচনা করেছে। এই ক্ষমতায়ন বিশ্বে জনগণের জন্য একটি নতুন অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি। গতকাল রাজধানীর একটি হোটেলে দশম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনদিনব্যাপী এই সম্মেলন গতকাল ঢাকায় শুরু হয়েছে। প্রতিমন্ত্রী দেশে এমন একটি সম্মেলন আয়োজন করাকে নারীর সাফল্য বলে অভিহিত করেছেন। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল কমলেশ শর্মা এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েটের কমিউনিকেশন এবং পাবলিকেশনের ডেপুটি ডিরেক্টর ভিক্টোরিয়া হোল্ডসওয়ার্থ। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল কমলেশ শর্মা নারী উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, নারীর ক্ষমতায়নের জন্য সকলকে কাজ করতে হবে। এই সম্মেলনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করতে হবে। এবং নতুন কর্মপরিকল্পনা গ্রহণ ও সে লক্ষ্যে এগিয়ে যেতে আহবান জানান তিনি।