সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় তিন প্রকৌশলীর দ্বিতীয় দফায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন, সাভার উপজেলার পৌর নির্বাহী প্রকৌশলী এমতেমাম হোসেন, সহকারী প্রকৌশলী আলম মিয়া ও রানা প্লাজা নির্মানে স্থানীয় প্রধান প্রকৌশলী আবদুর রাজ্জাক খান। সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তথ্য বিভাগের (সিআইডি) পুলিশের পরিদর্শক বিজয় কৃষ্ণ কর আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চান।
আবেদনে বলা হয়, এ আসামিদের কর্তব্যে অবহেলা ও তাদের দেয়া ভুল তথ্যের ভিত্তিতে ভবন নির্মান করে সামপ্রতিককালের ভয়াবহ ভবনসর এ ঘটনায় মর্মান্তিভাবে হাজারেরও বেশি নিরীহ শ্রমিকের প্রানহানি ঘটেছে। প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
