বিধি প্রণয়ন না করায় হাইকোর্টের রুল

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:৪০
জাতীয় মানবাধিকার কমিশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য কোনো বিধিমালা তৈরি না করায় হাইকোর্ট রুল জারি করেছে। ২০০৯ সালে প্রণীত কমিশন আইনের ৩০ ধারা অনুসারে বিধিমালা প্রণয়নে কমিশন ও কমিশনের চেয়ারম্যানকে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এছাড়া মানবাধিকার কমিশনের উপ-পরিচালক (তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) কর্তৃক রিট আবেদনকারী সম্পর্কে তথ্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান তথ্য কর্মকর্তাকে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রদানকে কেন আইন এবং ন্যায় বিচার পরিপন্থি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস এবং সিভেল ডিফেন্স অধিদপ্তরের বরখাস্ত হওয়া কর্মচারী মোজাম্মেল হকের করা এক রিট আবেদনে এ আদেশ দেয়া হয়। আদালতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার শুনানি করেন। প্রসঙ্গত কমিশন আইনের ৩০ ধারায় বলা হয়েছে, এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে কমিশন, রাষ্ট্রপতির পূর্বানুমোদনক্রমে এবং সরকারি গেজেট দ্বারা বিধি প্রণয়ন করতে পারবে।